সরিষাবাড়ীতে ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগ গতকাল মঙ্গলবার তাঁদের বহিষ্কার করে।
বহিষ্কৃত অপর চারজন হলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এহসান মানিক, বন ও পরিবেশ সম্পাদক সাদ্দাম হোসেন ও সদস্য শাহরিয়ার ইকবাল।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গতকাল বহিষ্কার করার বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল স্বাক্ষরিত চিঠি ওই পাঁচ নেতার কাছে পৃথকভাবে পাঠানো হয়েছে। উপজেলা ছাত্রলীগের বহিষ্কার হওয়া সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস বলেন, ‘অন্যায়ভাবে আমাদের বহিষ্কার করা হয়েছে।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম সোহেল রানা বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাধারণ সম্পাদক এস এম ইলিয়াসসহ ছাত্রলীগের পাঁচ নেতাকে জেলা ছাত্রলীগ বহিষ্কার করেছে। তাঁদের বহিষ্কার করার পত্র পেয়েছি।’