সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ২০
জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুরের সরিষাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে মোজাম্মেল হক (৬০), শাহজাহান (৪০), শামীম মিয়া (৪২), আব্দুল হাই (৪৫), জোসনা বেগম (১৫), রাবিয়া (৩৮), ময়েন উদ্দিন (৪৫), বাদশা মিয়া (৪০), শাপলা খাতুন (১৭), মোর্শেদা (৩৫), নূরজাহান (৬০), বাদল মিয়া (৩৫), আনোয়ার হোসেন (৩৫), বেলাল হোসেন (৪০), সাগর (১৫) ও লাইলী খাতুনকে (১৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি উপজেলার বলারদিয়ার গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বলারদিয়ার গ্রামের ময়েন উদ্দিন ও মোজাম্মেল হকের মধ্যে ৭০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে গতকাল ময়েন উদ্দিন ও তাঁর লোকজন মোজাম্মেল হকের জমিতে ধান লাগাতে যান। এ সময় মোজাম্মেল হক ও তাঁর পরিবারের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রামদা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ২০ জন গুরুতর আহত হন।
মোজাম্মেল হক অভিযোগ করেন, ‘আমাদের জমিতে ময়েন উদ্দিন ধান লাগাতে গেলে আমরা বাধা দিলে তাঁর লোকজন আমাকে ও আমার পরিবারের লোকজনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন।’ এ বিষয়ে ময়েন উদ্দিন বলেন, ‘আমাদের জমি, তাই আমরা ধান লাগাতে গিয়েছিলাম। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, এ ব্যাপারে মোজাম্মেল হকের লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।