সরিষাবাড়ীতে পুলিশের পিস্তল কেড়ে নিয়ে পালাল আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মাদক মামলার দণ্ডপ্রাপ্ত এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পোগলদীঘা ইউনিয়নের চর পোগলদীঘা দক্ষিণপাড়া গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। আসামির ফেলে যাওয়া অস্ত্রটি পরে উদ্ধার করা হয়েছে।
হাফিজুর রহমান ওরফে হাবু (২৫) নামের ওই আসামিকে পালিয়ে যেতে সহায়তা করায় তাঁর স্ত্রী ময়না বেগমকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ, আসামির স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের বিরুদ্ধে মাদক বেচাকেনার অভিযোগে ২০১৩ সালে সরিষাবাড়ী থানার পুলিশ মামলা করেছিল। ওই মামলায় সম্প্রতি জামালপুরের বিচারিক হাকিমের আদালত হাফিজুরকে ছয় মাসের কারাদণ্ড দেন। গত শুক্রবার রাতে আদালত থেকে সরিষাবাড়ী থানায় গ্রেপ্তারি পরোয়ানা আসে।
পুলিশ জানায়, পরোয়ানা পাওয়ার পর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু ছাইদ ও কনস্টেবল সরোয়ার হোসেন সকাল সাড়ে সাতটার দিকে হাফিজুরকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে যান। তাঁরা হাফিজুরকে ধরে ফেললে তাঁর পরিবারের সদস্যরা বাধা দেন। এ সময় তাঁদের সঙ্গে দুই পুলিশ সদস্যের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হাফিজুর এসআই আবু ছাইদের সঙ্গে থাকা পিস্তল কেড়ে নিয়ে দৌড় দেন। আবু ছাইদ চিৎকার করলে প্রতিবেশীরা হাফিজুরকে ধরার জন্য ধাওয়া করেন।
এসআই আবু ছাইদ অভিযোগ করেন, হাফিজুরের পরিবারের সদস্যরা তাঁদের আটকে রেখেছিলেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে। কনস্টেবল সরোয়ার হোসেনের অভিযোগ, বাড়ির নারী সদস্যরা তাঁকে বঁটি দিয়ে কোপ দেন।
জাকির হোসেন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, খোঁজ করে জানা যায়, হাফিজুর পাশের সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর গ্রীস ইউনিয়ন এলাকায় যমুনা নদী সাঁতরে পালিয়ে গেছেন। নদীতীরের কাশবনে এলাকাবাসী পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজি করে পিস্তলটি পায় এবং তা পুলিশের কাছে জমা দেওয়া হয়।
হাফিজুরের স্ত্রী ময়না বেগমকে গ্রেপ্তার করার পর তিনি প্রথম আলোর কাছে পুলিশকে বাধা দেওয়ার কথা স্বীকার করেন। হাফিজুরের বাবা কাবেল শেখ (৫০) বলেন, পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়েছে। তবে পুলিশকে আটকে রাখা বা কোপ দেওয়ার কথা তিনি অস্বীকার করেন।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. নিজাম উদ্দিন বলেন, ছিনিয়ে নেওয়া অস্ত্র কাজীপুরের চর গ্রীস ইউনিয়নের গুজাবাড়ি কাশবন থেকে উদ্ধার করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, হাফিজুর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।