সরিষাবাড়ীতে বিদ্যালয়ের মাঠে হাট, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাঙালী স্কুল অ্যান্ড কলেজ ও বাঙালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে দীর্ঘদিন ধরে হাট বসছে। ফলে এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখা ও খেলাধুলায় বিঘ্ন ঘটছে।

১৯৬৮ সালে তিন একর দুই শতক জমিতে বাউসী বাঙালী স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হয়। বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ জন শিক্ষক, ৪ জন কর্মচারী ও প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী রয়েছে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় বাঙালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে শিক্ষার্থী চার শতাধিক।

বিদ্যালয় দুটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা গেছে, ৩০ বছর ধরে ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে সপ্তাহের প্রতি রোববার ও বুধবার হাট বসে। এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ একটি। হাটের এই দুই দিন ক্রেতা-বিক্রেতাদের কোলাহল ও যানবাহনের শব্দের কারণে পাঠদান কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় ওই দুই দিন বিদ্যালয় আগেই ছুটি দেওয়া হয়।

শিক্ষার্থীরা আরও জানায়, হাটের দিন চারটি ক্লাস করিয়ে বিদ্যালয় ছুটি দেওয়া হলেও তাদের হাটের মধ্য দিয়ে আসা-যাওয়ায় অসুবিধা হয়। এ ছাড়া খেলার মাঠে হাট বসার কারণে বর্জ্যের দুর্গন্ধে পরের দিন ক্লাসে টেকা যায় না। ১৯৯১-৯২ সালে জাতীয় ভলিবল প্রতিযোগিতায় বাউসী বাঙালী উচ্চবিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। এ ছাড়া বিদ্যালয় দুটি জাতীয় পর্যায়ের খেলাধুলায় অংশ নিয়ে অনেক পুরস্কার পেয়েছে। কিন্তু এভাবে তাদের খেলাধুলায় বিঘ্ন ঘটলে আর জাতীয় পর্যায়ের পুরস্কার আনা সম্ভব হবে না।

দশম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম জানায়, খেলার মাঠে হাট বসায় পড়ালেখার পাশাপাশি তারা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। নবম শ্রেণির শিক্ষার্থী রোপা আক্তার জানায়, মাঠে হাট বসায় বিদ্যালয় ছুটি হওয়ার পর হাটের ভিড় ঠেলে বাড়ি যেতে খুবই সমস্যা হয়।

বাঙালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলেরাবেগম জানান, মাঠে হাট বসায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। পড়ালেখায়ও বিঘ্ন ঘটছে। বাউসী বাঙালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, হাটের দিন নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. গিয়াস উদ্দিন পাঠান জানান, এ ব্যাপারে দফায় দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি।

হাট কমিটির সভাপতি হাসমত আলী বলেন, ‘বিদ্যালয়ের খেলার মাঠে হাট বসানো ঠিক হয়নি। শিগগিরই হাট সরিয়ে নেওয়ার চেষ্ট করব।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ইলাহী আখন্দ জানান, বাউসী বাঙালী স্কুল অ্যান্ড কলেজপরিচালনা পর্ষদেরসিদ্ধান্তে খেলার মাঠে হাট বসছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 পৌরসভার মেয়র ফয়জুল কবির তালুকদার জানান, বিদ্যালয়ের মাঠ থেকে হাট সরানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। ইউএনও ফ্লোরা বিলকিস জাহান বলেন, ‘লিখিত অভিযোগপেয়েছি। বিদ্যালয়ের মাঠ থেকে হাট সরিয়ে দিতে ব্যবস্থা নেওয়া হবে।’