সরিষাবাড়ীতে সংঘর্ষে ১১ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে হরতাল চলাকালে গতকাল মঙ্গলবার দুপুরে আরামনগর বাজার এলাকায় যানবাহন চলাচলে বাধা দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হন। এ সময় একটি ইজিবাইক ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরামনগর বাজার এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে হরতালের সমর্থকেরা যানবাহন চলাচলে বাধা দেন। পরে ভুরারবাড়ি গ্রামের বিএনপির সমর্থক মজনু মিয়া ও ধানাটা গ্রামের আওয়ামী লীগের সমর্থক টিক্কা মিয়ার মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই গ্রামের আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির সমর্থক সাগর মিয়ার ইজিবাইক ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ আরামনগর বাজার এলাকায় এসে ছয়টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আতঙ্কে বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে দেন।
সংঘর্ষে আহত মাসুদুর রহমান, লিটন সরকার, সুজন মিয়া, মামুন মিয়া, বাঁশি মিয়া ও সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাদেক দেওয়ান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া মজনু মিয়া, নূরু মিয়া ও টিক্কা মিয়াকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাগর মিয়া অভিযোগ করেন, সংঘর্ষের সময় আওয়ামী লীগের সমর্থকেরা তাঁর ইজিবাইকটি ভাঙচুর করেছে।
টিক্কা মিয়া বলেন, হরতালের সমর্থকেরা গাড়ি ভাঙচুর করায় এর প্রতিবাদ করলে কথা-কাটাকাটি হয়। পরে সংঘর্ষ বাধে।
আরামনগর বাজারের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে দেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, দুই গ্রামের আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ এড়াতে ছয়টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।