জামালপুরের সরিষাবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে। পুলিশ ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে শাহীন পারভেজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মন্দির সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পৌরসভার শিমলাবাজারের লুইস ড্রেফাস এলাকার মহামায়া দুর্গামন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুর করে। এ ঘটনায় মন্দিরের সভাপতি ননী গোপাল সাহার ছোট ছেলে নীলকণ্ঠ সাহা বাদী হয়ে গতকাল দুপুরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজিত কুমার পাল বলেন, গতকাল দুপুরে পুলিশ ওই মন্দিরের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় শাহীন পারভেজকে গ্রেপ্তার করে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহীন জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
সরিষাবাড়ীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, গতকাল বিকেলে জামালপুরের সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ ও জামালপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইউনুস আলী ভাঙচুরের শিকার মন্দির পরিদর্শন করেন।