সরিষাবাড়ী পৌরসভার মেয়র লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়রকে ছাত্রলীগের সাবেক এক নেতা ও তাঁর অনুসারীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পৌর কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে পৌর কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর মেয়র রুকনুজ্জামান গতকাল সকাল ১০টার দিকে নিজ কক্ষে ছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক আলামিন হোসেন ও তাঁর একদল অনুসারী পৌরসভার কর্মচারী সুরুজ্জামানকে মারধর করেন। হট্টগোল শুনে পৌর মেয়র এগিয়ে যান। তখন তাঁকেও লাঞ্ছিত করা হয়। পরে আলামিন পৌর কার্যালয়ের সামনে দলবল নিয়ে অবস্থান করেন। এতে পৌর মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। তাঁরা পৌর মেয়র ও কর্মচারীকে লাঞ্ছিত করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন মেয়র রুকনুজ্জামান, কাউন্সিলর কালা চান পাল প্রমুখ।
জানতে চাইলে সুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আলামিন হোসেন আমাকে অন্যায়ভাবে মারধর করেন।’ পৌর মেয়র রুকনুজ্জামান বলেন, ‘আমি ওদের থামাতে গেলে আমাকেও লাঞ্ছিত করা হয়।’ এ বিষয়ে মন্তব্য জানার চেষ্টা করেও আলামিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পৌরসচিব আবু সাইদ বলেন, ‘মেয়রকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছি।’
সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।