সরিষাবাড়ীতে অটোবাইকচালক ও দেলদুয়ারে এক ব্যক্তি খুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার দুর্বৃত্তরা এক অটোবাইকচালককে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা অটোবাইক সমিতি গতকাল সরিষাবাড়ী-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। টাঙ্গাইলের দেলদুয়ারে গত শুক্রবার দুর্বৃত্তরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত ব্যক্তিরা হলেন সরিষাবাড়ী উপজেলার বগারপাড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে লাইজু মিয়া (২৮) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কুপাখি গ্রামের ফজলু (৪০)।
সরিষাবাড়ী থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, অটোবাইকচালক লাইজু মিয়া শুক্রবার বাড়ি থেকে অটোবাইক নিয়ে বের হন। গতকাল ভোরে দুর্বৃত্তরা পৌরসভার সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের মুলবাড়ি এলাকায় শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায়। কিছুক্ষণ পর রাস্তার পাশে অটোবাইক ও লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। সকাল নয়টায় পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা অটোবাইক সমিতি সরিষাবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পৌর শহরে অটোবাইকচালকেরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। শেষে আরামনগর বাজার এলাকায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা অটোবাইক সমিতির সভাপতি ছামান আলী, সম্পাদক সুলতান মাহমুদ, পৌর কমিটির সভাপতি আমিনুল ইসলাম, ইউপি সদস্য বগারপাড় গ্রামের তোজাম্মেল হক প্রমুখ। উপজেলা অটোবাইক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, ২৪ ঘণ্টার মধ্যে লাইজু হত্যায় জড়িত লোকদের গ্রেপ্তার করা না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। খুনিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুপাখি গ্রামে কয়েকজন দুর্বৃত্ত ফজলুকে তাঁর বাড়ির সামনেই এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কুপাখি গ্রামের আবুল বাসক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।