জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মারধরের অভিযোগে আওয়ামী লীগের উপজেলা কমিটির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামালপুর জেলা আওয়ামী লীগের নির্দেশে গতকাল মঙ্গলবার এ পদক্ষেপ নেওয়া হয়।
বহিষ্কৃত নেতার নাম খোরশেদ আলম (৩৮)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেনকে গত সোমবার দুপুরে প্রকাশ্যে উপজেলা পরিষদ চত্বরে লাঞ্ছিত ও মারধর করা হয়। খোরশেদ আলম ও সরিষাবাড়ী ডিগ্রি কলেজের সাবেক ভিপি (কলেজ ছাত্র সংসদের সহসভাপতি) রনির নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত চেয়ারম্যানের মোটরসাইকেলের গতি রোধ করে এ ঘটনা ঘটায়। পরে তারা মোতাহার হোসেনের মোটরসাইকেলটি ও পকেটে রাখা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় মোতাহার হোসেন বাদী হয়ে সোমবার রাতে খোরশেদ আলমকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, খোরশেদ আলমের বিরুদ্ধে মারধর, চাঁদা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরামনগর বাজারের রাজীবকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুখ আহম্মেদ চৌধুরী বলেন, ইউপি চেয়ারম্যানকে মারধরসহ গাড়ি ছিনিয়ে নেওয়ার অপরাধে খোরশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।