সরিষাবাড়ীতে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার লাঠি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

নিহত ব্যক্তির নাম জাবেদ মণ্ডল (৬৫)। তিনি নিউগিরটেংগর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার হওয়া দুজন হলেন জাবেদ মণ্ডলের ভাতিজা আসমত আলীর স্ত্রী নারগিস বেগম (৩৫) ও মোফাজ্জল হোসেনের স্ত্রী আঙ্গুরি বেগম (৩৬)।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, জাবেদ মণ্ডল ও আসমত আলীর মধ্যে দুই মাস আগে জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারি হয়। এ ঘটনায় জাবেদ মণ্ডলসহ ছয়জনকে আসামি করে আসমতের স্ত্রী নারগিস বেগম আদালতে মামলা করেন। গতকাল সকাল নয়টার দিকে আদালতে হাজিরা দেওয়ার জন্য জাবেদ মণ্ডল, তাঁর ছেলে উবায়দুল্লাহসহ মামলার অন্য আসামিরা বাড়ি থেকে বের হন। তাঁরা প্রতিবেশী হজরত আলীর বাড়ির আঙিনায় এলে সেখানে ওত পেতে থাকা আসমত আলী, আবুল কালাম, মোফাজ্জলসহ কয়েকজন জাবেদ মণ্ডলকে লাঠি দিয়ে পেটান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গতকাল সকাল ১০টার দিকে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় দুপুরে উবায়দুল্লাহ বাদী হয়ে আবুল কালামকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওই মামলায় পুলিশ নারগিস ও আঙ্গুরিকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নিহত জাবেদ মণ্ডলের ছেলে উবায়দুল্লাহ বলেন, ‘বাবাকে আসমত আলী, আবুল কালাম ও তাঁদের লোকজন পিটিয়ে হত্যা করেছে।’

মামলার তদন্ত কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, জাবেদ মণ্ডলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ হেফাজতে থাকাকালে গ্রেপ্তার হওয়া নারগিস বেগম বলেন, তাঁরা এ ঘটনায় জড়িত নন।