সরিষাবাড়ীতে গলায় রশি বাঁধা ব্যক্তির লাশ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ি এলাকায় আজ শনিবার সকালে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর ফেলে রেখে গেছে।
নিহত ওই ব্যক্তির নাম লাইজু মিয়া (২৮)। তিনি অটোরিকশাচালক। বাড়ি উপজেলার বগারপাড় গ্রামে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার বলছে, লাইজু মিয়া বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। মুলবাড়ি এলাকায় সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের পাশে তাঁর গলায় রশি বাঁধা লাশ পাওয়া যায়। এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সকাল নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, পুলিশের সন্দেহ, দুর্বৃত্তরা লাইজু মিয়াকে গলায় রশি বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে। পরে রাস্তার পাশে তাঁর লাশ ফেলে রেখে যায়।
নিহত ব্যক্তির মা লাইলী বেগম বলেন, ‘আমার পুলাডারে কেডা এইভাবে মারল, আমি এর বিচার চাই।’