জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই ছাত্রলীগ নেতাকে মারধর ও কলেজছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় সরিষাবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম গতকাল সোমবার রাতে বাদী হয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ (২৫) ছাত্রলীগের আট নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন পৌর ছাত্রলীগের সহসভাপতি আতিক হাসান (২৫), ক্রীড়া সম্পাদক মো. কবির (২০), পৌর যুবলীগের দপ্তর সম্পাদক বাবু মিয়া (২৫), সহসম্পাদক মো. নাঈম (২১), সদস্য মো. সাগর (২৬), মো. মানিক (২৫) ও মো. লিটন (২৪)।
মামলার এজাহার, পুলিশ ও ছাত্রলীগ নেতাদের সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম গত রোববার রাত আটটার দিকে টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনের এক দোকানে চা পান করছিলেন। এ সময় মেহেদি হাসান ও তাঁর সমর্থকেরা আরিফুলকে মারধর করেন। তখন সরিষাবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ এগিয়ে এলে তাঁকেও তাঁরা মারধর করেন।
পরে আরিফুল ও মাহফুজকে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে মেহেদি হাসান ও তাঁর সমর্থকেরা সরিষাবাড়ী ডিগ্রি কলেজের ফটকের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন।
এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে ‘ছাত্রলীগের দুই নেতাকে মারধরের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি ও কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। পুলিশ মেহেদিকে গ্রেপ্তার করেছে।
জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম বলেন, মেহেদি হাসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান গতকাল বলেন, ছাত্রলীগ নেতা মেহেদিকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।