সরিষাবাড়ীতে ছাত্রী অপহরণের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে সদ্য এসএসসি পাস এক ছাত্রী অপহরণের পাঁচ দিন পরও উদ্ধার হয়নি। এ ঘটনায় ছাত্রীর বাবা গত বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন।
মামলার প্রধান আসামি রুকনুজ্জামান (২৭) সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ি গ্রামের কসর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত শিক্ষার্থী গত সোমবার এসএসসির নম্বরপত্র ও প্রশংসাপত্র উত্তোলনের জন্য বিদ্যালয়ে যায়। সেখান থেকে ফেরার পথে পৌরসভার মুলবাড়ি গ্রামের রুকনুজ্জামানের নেতৃত্বে একটি দল তাকে অপহরণ করে নিয়ে যায়।
শিক্ষার্থীর বাবা বলেন, ‘অনেক খোঁজাখুঁজি করেও আমার মেয়ের সন্ধান পাইনি। স্কুল থেকে বাড়ি ফেরার সময় রুকনুজ্জামান তাকে অপহরণ করেছে। রুকনুজ্জামানকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছি।’
রুকনুজ্জামানের বাবা কসর আলী বলেন, ‘অপহরণের খবর শুনেছি। আমরাও খুঁজে দেখছি।’
মামলার তদন্ত কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, শিক্ষার্থীকে উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।