সরিষাবাড়ীতে দিনমজুর খুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শনিবার রাতে এক দিনমজুর খুন হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রোববার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম আবদুল কাদের (৩৫)। তিনি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
আবদুল কাদেরের পরিবারের সদস্যদের অভিযোগ, আবদুল কাদের চাপারকোনা এলাকার এক বাড়িতে কাজ করতে যান। কাজ শেষে তিনি গতকাল রোববার রাতে মজুরি নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর কাছে ১ হাজার ৭৫০ টাকা ছিল।
কিছুদূর যাওয়ার পর চাপারকোনা গ্রামের জামাল উদ্দিন (৩২) কাদেরের পথ রোধ করেন। জামাল জোর করে কাদেরের কাছ থেকে টাকা নিতে চান। এ সময় আবদুল কাদের বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। জামাল তখন কাদেরকে টেনে টেনে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি কাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ রাতেই জামাল উদ্দিনের বাড়ি থেকে আবদুল কাদেরের লাশ উদ্ধার করে। স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, জামাল উদ্দিন মাদক সেবন করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, গতকাল নিহত ব্যক্তির ছোট ভাই আবদুল হাকিম বাদী হয়ে জামাল উদ্দিনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ জামালকে গতকাল দুপুরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাকলাইন বলেন, জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।