সরিষাবাড়ীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে জগন্নাথদেবের মন্দিরের একটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গতকাল শুক্রবার সকাল থেকে ওই মন্দিরে পূজা-অর্চনা বন্ধ রয়েছে।
মন্দির পরিচালনা কমিটি ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারে জগন্নাথদেবের একটি মন্দির রয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল ভোরের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা এ মন্দিরে ঢুকে লক্ষ্মী ঠাকুরের মাথা ভেঙে রেখে যায়। মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠাকুর অনিল চক্রবর্তী গতকাল সকাল আটটার দিকে মন্দিরে পূজা দিতে গিয়ে বিষয়টি টের পান। খবর পেয়ে সরিষাবাড়ী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে বেলা দুইটার দিকে ভাঙচুরের শিকার প্রতিমাটি পাশের একটি পুকুরে বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দিরের সভাপতি দেবদাস সাহা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ছাড়া জেলা পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।