জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নলদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন দিন ধরে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য গত ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে ১১ সদস্যবিশিষ্ট কমিটি সর্বসম্মতিক্রমে ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে জাতীয় পার্টির সাংসদ মামুনুর রশিদ জোয়ারদারের সুপারিশে দুজনকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে তানিয়া আক্তার ও মুখলেছুর রহমান নামে আরও দুজনকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য চিঠি দেন সাংসদ। তবে পরের দুজনকে আর কমিটিতে নেওয়া হয়নি। এর জের ধরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আহসান হাবিব নামের এক ব্যক্তির নেতৃত্বে ১২-১৫ জনের একটি দল মোটরসাইকেলে করে বিদ্যালয়ে আসে। তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুখলেছুর রহমানের কক্ষে হামলা চালায়। গত সাধারণ সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত প্রধান শিক্ষককে জিম্মি করে জোর করে বাতিল করিয়ে নেয়। পরে তানিয়া বেগম ও মুখলেছুর রহমানকে বিদ্যোৎসাহী সদস্য করে নতুন একটি সিদ্ধান্ত খাতায় লিখিয়ে নেয়। এ ঘটনার সময় বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে দৌড়ে পালিয়ে যায়। ওই দিন আর ক্লাস হয়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। শনি ও রোববার বিদ্যালয়ে ক্লাস হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বলেন, ‘আহসান হাবিবের নেতৃত্বে আমার কক্ষে হামলা হয়। তাঁরা ভয় দেখিয়ে সিদ্ধান্ত খাতায় কমিটি নিয়ে সাধারণ সভার প্রতিবেদন লাল কালি দিয়ে বাতিল লেখিয়ে নেন। পরে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে তানিয়া আক্তার ও মুখলেছুর রহমানের সিদ্ধান্ত লিখিয়ে নেন। এ ঘটনার পর বিদ্যালয়ে তিন দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে।’
সহকারী শিক্ষক শেফালী খাতুন বলেন, ‘আমি সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ করছিলাম। এ জন্য তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। এ ঘটনার পর ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে না।’
আহসান হাবিবের বাড়ি নলদাইর গ্রামে। তিনি তানিয়া আক্তারের স্বামী। এ বিষয়ে জানতে আহসান হাবিবের মুঠোফোনে গতকাল একাধিকবার ফোন করলে বন্ধ পাওয়া যায়।
পঞ্চম শ্রেণির ছাত্রী রুনা আক্তার জানায়, ‘বিদ্যালয়ে যেতে ভয় লাগছে। মনে হচ্ছে আবার কখন হামলা হয়।’ অভিভাবক কণা বেগম বলেন, ‘ভয়ে তিন দিন ধরে ছেলে স্কুলে যায় না। অনেক করে বুঝিয়েও ছেলেকে স্কুলে পাঠাতে পারছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, এ ব্যাপারে তদন্ত করে বিদ্যালয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।