সরিষাবাড়ীতে বৃদ্ধা বিশ্বনাথে ছাত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত মঙ্গলবার রিনা বেগম (১৫) নামের এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। একই দিন জামালপুরের সরিষাবাড়ীতে ছেলের হাতে মা আমেনা বেগম (৮০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, রিনা উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের আবদুল করিমের মেয়ে ও স্থানীয় রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে পাশের বাড়ির মঈন উদ্দিন তাঁর ভাতিজি ইমাকে (৭) দিয়ে রিনাকে তাঁর (মঈন) বাড়িতে ডেকে আনেন। পরিবারের অভিযোগ, মঈন তাঁর শোবার ঘরে রিনাকে হত্যা করেন। মঈনের (২৮) পরিবার ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। খবর পেয়ে রিনার পরিবারের সদস্যরা গিয়ে রিনার লাশ মঈনের শোবার কক্ষের মেঝেতে বিছানার চাদর দিয়ে ঢাকা দেখতে পান।
রিনার ভাই লিলু মিয়া বলেন, ‘তিন মাস আগে দুবাই থেকে দেশে আসেন মঈন। দেশে এসে মঈন আমাদের ঘরে থাকা মুঠোফোনে তাঁর (মঈন) নম্বর থেকে ফোন করে হয়রানি করতেন। একাধিকবার তাঁকে সতর্ক করলেও মঈন কথা শুনেননি। সপ্তাহ খানেক আগে মঈন আমাকে হত্যার হুমকি দেন।’
রিনার বাবা করিম বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। হত্যাকারীদের নাম দিতে চাইলেও পুলিশ নামগুলো তালিকাভুক্ত করেনি। শুধু একটি কাগজে স্বাক্ষর নিয়েছে।’
ঘটনাটি জানতে মঈনের বাড়িতে গিয়ে তাঁর মা বিবিজান বেগম ছাড়া কাউকে পাওয়া যায়নি। বিবিজান বলেন, মঈনের খোঁজ করতে গিয়ে দেখেন রিনা আত্মহত্যা করেছে। এরপর তিনি রিনার পরিবারকে খবর দেন। তবে মুঠোফোনে মঈন বলেন, ‘ঘটনার সময় আমি বাজারে ছিলাম। রিনা আমাদের বাড়িতে এসে কী কারণে আত্মহত্যা করেছে, আমি জানি না।’
রিনার প্রতিবেশী রাজিয়া বেগম জানান, ইমা এসে রিনাকে মঈনদের বাড়িতে যাওয়ার কথা বলে। রিনা মঈনদের বাড়িয়ে যায়। তিনি (রাজিয়া) এ সময় পুকুর পাড়ে ছিলেন।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে মঈনদের বাড়ি থেকে রিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের সরিষাবাড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর পোগলদিঘা গ্রামের মৃত নয়ন মণ্ডলের পাঁচ ছেলে আমজাদ হোসেন, আজমত আলী, আবদুল আজিজ, আজাহার আলী ও আলতাফ হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে আলতাফের ২৫ শতক জমি ভাতিজা সেজনু ও আল আমীন দখল করে ধান রোপণ করেন। ওই ধান মঙ্গলবার আলতাফ কাটতে গেলে তাঁরা তাঁকে মারধর করেন। আলতাফকে পেটানোর খবর পেয়ে মা আমেনা এগিয়ে গেলে তাঁকে আমজাদ ও আজিজ মারধর করেন। পরে আমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত ১২টায় তিনি মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় মামলা নেওয়া হবে।