সরিষাবাড়ীতে ভাবির লাথিতে দেবর নিহত
জামালপুরের সরিষাবাড়ীতে ভাবির লাথিতে দেবর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ভাবিকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম প্রদীপ চন্দ্র ঘোষ (৪৫)। তিনি শিমলা বাজার এলাকার বাসিন্দা। আটক ভাবির নাম বিবা ঘোষ (৪৮)। তিনি প্রদীপের বড় ভাই গোবিন্দ চন্দ্র ঘোষের স্ত্রী।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পৌরসভার শিমলা বাজার এলাকায় প্রদীপ চন্দ্র ঘোষ তাঁর ভাবি বিবা ঘোষের কাছে পাওনা ৮০০ টাকা চাইতে যান। কিন্তু বিবা টাকা দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিবা তাঁর দেবর প্রদীপের পুরুষাঙ্গে লাথি মারেন। এতে জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে হত্যা মামলা নেওয়া হবে।