সরিষাবাড়ীতে মূর্তি ভেঙেছে দুর্বৃত্তরা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শুক্রবার ভোরে জগন্নাথ দেবের মন্দিরের একটি মূর্তি দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মন্দিরের সভাপতি দেবদাস সাহা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দুপুর সাড়ে ১২টায় জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. নিজাম উদ্দিন ঘটনা পরিদর্শন করেন।
মন্দিরের ভাঙচুর করা লক্ষ্মী ঠাকুরের মূর্তি পুলিশের উপস্থিতে পাশের সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুকুরে বিসর্জন দেওয়া হয়।
দেবদাস সাহা বলেন, দুর্বৃত্তরা মন্দিরের লক্ষ্মী ঠাকুরের মাথা ভেঙে ফেলায় সকাল থেকে পূজা বন্ধ রয়েছে।
পুলিশের ভাষ্য, সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের একটি মন্দিরে ভোরের দিকে মূর্তি ভাঙচুর করেছে। মন্দিরের রক্ষণাবেক্ষণে দায়িত্বে নিয়োজিত ঠাকুর অনিল চক্রবর্তী মন্দিরে পূজা দিতে এসে দেখেন লক্ষ্মী ঠাকুরের মাথা ভাঙা।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, মন্দিরের একটি মূর্তি ভেঙেছে দুর্বৃত্তরা। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।