সরিষাবাড়ীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম তাপসী বেগম (২৫)। তিনি জামালপুর সদর উপজেলার ছাইতেনী গ্রামের আবদুল লতিফের ছেলে লাভলু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে লাভলু মিয়া পলাতক।

পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে সরিষাবাড়ী পৌরসভার বাউসী চন্দনপুর গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনের মেয়ে তাপসী বেগমের সঙ্গে লাভলু মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে লাভলু মিয়া যৌতুকের জন্য তাপসী বেগমকে নির্যাতন করে আসছিলেন। গত মঙ্গলবার রাতেও তিনি তাপসীকে তাঁর বাবার কাছ থেকে ২০ হাজার টাকা এনে দিতে বলেন। কিন্তু টাকা এনে দিতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে ঝগড়া হয়। গতকাল সকাল ১০টায় লাভলু তাপসীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। তাঁদের তিন বছর বয়সী মেয়ে তাপসীকে মেঝেতে পড়ে থাকতে দেখে কাঁদতে থাকে। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে এসে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বেলা একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তাপসীর বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘বিয়ের পর থেকেই লাভলু যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। প্রায়ই আমার মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে আমার বাড়িতে চলে আসত।’ এ বিষয়ে লাভলুর সঙ্গে গতকাল যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

লাশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানারএসআই আবু সাইদ বলেন, তাপসীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা গতকাল রাতে লাভলুকে প্রধান আসামি করে হত্যা মমলা করেন।