সরিষাবাড়ীতে হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার করগ্রামে গত বুধবার রাতে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে ধরতে গেলে পুলিশের পাঁচ সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আহত পাঁচজন হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম (৩৫), শাহানুর (৩২), শফিকুল আলম (৩৭), ইমান আলী (৩৫) ও কনস্টেবল আতিকুর রহমান (৩০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত এএসআই ইমান আলী বলেন, ‘করগ্রামের শফিকুল ইসলামকে (৩৫) মাদকসহ আটক করলে তাঁর পরিবারের লোকজন ছাড়িয়ে নেওয়ার জন্য আমাদের ওপর হামলা করে পিটিয়ে আহত করে।’

থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করছিলেন। বুধবার তাঁর বাড়িতে মাদকের বড় চালান এসেছে বলে পুলিশ খবর পায়। রাত নয়টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ১৫টি ইয়াবার বড়িসহ তাঁকে আটক করা হয়। হাতকড়া পরানোর সময় তিনি দৌড় দেন। পুলিশ তাঁকে ধরে ফেলে। এ সময় তাঁর পরিবারের লোকজন পাঁচ কর্মকর্তাসহ ছয় পুলিশকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই পুলিশ শফিকুলের মা রওশন আরা বেগমসহ (৫০) আরও ১০ জনকে আটক করে নিয়ে আসে। এ ঘটনায় গতকাল ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে এএসআই সাইফুল ইসলাম মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।