সরিষাবাড়ীতে ৭৬ বস্তা চাল জব্দ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে হতদরিদ্রদের কাছে বিক্রির জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের ৭৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার রাতে ডোয়াইল বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে বস্তাগুলো জব্দ করা হয়।

ওই ঘটনায় গত সোমবার রাতেই উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল বাতেন বাদী হয়ে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আবদুর রাজ্জাক (৩৭) ও ডোয়াইল গ্রামের আজিজলকে (৩৮) আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, গত সোমবার রাতে জেলার নির্বাহী হাকিম জ্যোতিশ্বর পাল ও সরিষাবাড়ীর ইউএনও এ জেড সাইয়েদ মোরশেদ আলীর নেতৃত্বে ডোয়াইল বাজার এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৬ বস্তা চাল উদ্ধার করা হয়।