চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানার ট্যাংক দুর্ঘটনার ঘটনায় দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ওই দুই কর্মকর্তাকে দায়ী করা হয়েছিল।
কারখানা সূত্র জানায়, কারখানার উপপ্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) ও ইন্সট্রুমেন্ট শাখার প্রধান দিলীপ কুমার বড়ুয়া ও মহাব্যবস্থাপক (কারিগরি ও রক্ষণাবেক্ষণ) নকিবুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল গতকাল বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে দুজনের নাম আসায় তাঁদের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে অ্যাটাচমেন্ট (সংযুক্ত) করা হয়েছে। আপাতত তাঁদের জায়গায় অন্যরা দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, তদন্ত যাতে সঠিকভাবে হয় সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি বিসিআইসির এক আদেশের পর কারখানা কর্তৃপক্ষ এই সংযুক্তির আদেশ জারি করে। নাম প্রকাশ না করার শর্তে কারখানার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সোমবার এই আদেশ জারি করা হয়। গত মঙ্গলবার তা কার্যকর করা হয়েছে। ওই দুই পদে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২২ আগস্ট রাতে আনোয়ারার রাঙাদিয়া গ্রামে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানার ১ নম্বর ইউনিটে তরল অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাংক বিকট শব্দে ফেটে গ্যাস ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গত ৩১ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। তদন্ত প্রতিবেদনে দুই কর্মকর্তাকে দুর্ঘটনার জন্য দায়ী করে তাঁদের প্রত্যাহার করার সুপারিশ করা হয়। তাঁদের স্বপদে বহাল থাকা কারখানার জন্য নিরাপদ হবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে দুর্ঘটনার কারণ তদন্তে বিসিআইসি ১০ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি প্রাথমিক প্রতিবেদন জমা দিলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়নি। বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল জানান, তদন্ত কমিটি আরও সময় চেয়েছে। পরে সময় বাড়ানো হয়।