র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের পর র্যাব-২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ র্যাব-২-এর পরিচালক মাসুদ রানাকে সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।
আরজুকে অপহরণের পরে হত্যার অভিযোগ এনে লে. কর্নেল মাসুদ রানাসহ চারজনের বিরুদ্ধে গত রোববার আদালতে একটি নালিশি মামলা করেন নিহত আরজু মিয়ার ভাই মাসুদ রানা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, গত রোববার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে র্যাব-২ থেকে সদর দপ্তরে নিয়ে আসা (সংযুক্ত করা) হয়েছে। তিনি বলেন, এখন বিষয়টি (বন্দুকযুদ্ধে আরজু নিহত হওয়া) নিয়ে তদন্ত হবে। একটা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।
১৭ আগস্ট ঢাকার হাজারীবাগে রাজা মিয়া নামের এক কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে আরজু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। পরদিন ১৮ আগস্ট ভোরে হাজারীবাগে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন আরজু। ওই ঘটনার পর স্থানীয় সাংসদ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাটিকে বন্দুকযুদ্ধ নয় ‘ধরে নিয়ে হত্যা’ বলে অভিযোগ করেন। বন্দুকযুদ্ধের পরদিন ১৯ আগস্ট হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলামকে বদলি করা হয়।