সর্বহারা পরিচয়ে আট ব্যাংক কর্মকর্তার কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় সোনালী ব্যাংকের ছয়টি শাখার ব্যবস্থাপকসহ আটজন ব্যাংক কর্মকর্তার কাছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সর্বহারা পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন অঙ্কের চাঁদা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ওই চাঁদা দাবির ঘটনা ঘটে।
নওগাঁয় সোনালী ব্যাংকের মহাদেবপুর, রানীনগর, পত্নীতলা উপজেলার মঙ্গলবাড়ী, রানীনগর উপজেলার ত্রিমোহনী, সাপাহার সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং নওগাঁ প্রধান শাখার দুই কর্মকর্তাকে এই হুমকি দেওয়া হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বুধবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একই নম্বর থেকে শাখা ব্যবস্থাপকদের কাছে ফোন দেওয়া হয়। এ ছাড়া সাপাহার অগ্রণী ব্যাংক শাখার এক কর্মকর্তাকেও সর্বহারা পরিচয় দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ত্রিমোহনী শাখার ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ‘বুধবার বেলা দুইটার দিকে আমার মুঠোফোনে কল আসে। নিজেকে সর্বহারা পার্টির কমান্ডার পরিচয় দিয়ে গলাকাটা বিপ্লব নামে এক ব্যক্তি ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।’ এ ঘটনায় বিকেলে রানীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় গতকাল বৃহস্পতিবার মঙ্গলবাড়ী শাখার ব্যবস্থাপক অমিত কুমার ব্যানার্জি ও মহাদেবপুর শাখার ব্যবস্থাপক আইনুল হক সংশ্লিষ্ট থানায় জিডি করেছেন।
রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।