সর্বহারা পরিচয়ে চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাপ্তাহিক জয়পুরবার্তার সম্পাদক শাহিনুর রহমানের কাছে সর্বহারা দলের নেতা পরিচয়ে মুঠোফোনে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর ছেলেকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয় বলে চেয়ারম্যান অভিযোগ করেছেন।
চেয়ারম্যান শাহিনুর দাবি করেন, ‘আমি ইউপি কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলাম। দুপুর ১২টা ২০ মিনিটে ০১৭৪০৭৬২৭৬৯ নম্বর থেকে আমার মুঠোফোনে একটি কল আসে। মুঠোফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে সর্বহারা দলের নেতা মেজর জিয়াউল জিয়া পরিচয় দিয়ে বলেন, “আমার দলের অনেক নেতা-কর্মী জেলে আছে। তাঁদের ছাড়িয়ে আনতে ৩০ লাখ প্রয়োজন। ইতিমধ্যে আপনার মতো অনেকেই আমাকে ২৮ লাখ টাকা চাঁদা দিয়েছেন। আপনাকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে।” চাঁদা দিতে অস্বীকার করায় ওই ব্যক্তি আমার ছেলেকে অপহরণ করে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
তবে এ ব্যাপারে গতকাল বুধবার বিকেলে ওই মুঠোফোন নম্বরে আট-নয়বার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আমাকে ঘটনা জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’