সর্বহারা পরিচয়ে ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকের কাছে চাঁদা দাবি
বরগুনার পাথরঘাটা শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ও পাথরঘাটা প্রেসক্লাবের সহসভাপতির কাছে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে গুম করে হত্যার হুমকি দেওয়া হয়। সর্বহারা পার্টির পরিচয়ে গত সোমবার এ চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সর্বহারা পার্টির বরগুনা জেলার সভাপতি পরিচয়ে পাথরঘাটা শাখা সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো. রত্তন আলী এবং পাথরঘাটা প্রেসক্লাবের সহসভাপতি ও যায়যায়দিন পত্রিকার পাথরঘাটার প্রতিনিধি নজমুল হক সেলিমের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। মো. রত্তন আলীকে পাথরঘাটা শাখা সোনালী ব্যাংকের টেলিফোনে গত সোমবার বেলা সোয়া ১১টার দিকে ও নজমুল হক সেলিমের মুঠোফোনে দুপুর পৌনে ১২টায় এ চাঁদা দাবি করা হয়।
মুঠোফোনে হুমকিতে বলা হয়েছে, ‘আমরা সর্বহারা পার্টির নেতারা বিভিন্ন সময় কারাগারে ছিলাম। সম্প্রতি কারাগার থেকে বের হয়েছি। এখন আমাদের অনেক টাকা প্রয়োজন। দ্রুত এ টাকা পরিশোধ করে আমাদের সাহায্য করবেন। অন্যথায় টেলিভিশনে যেভাবে অপহরণ, গুম ও খুনের ঘটনা দেখেন ঠিক সেভাবে আপনাদের ছেলেমেয়েদের অপহরণ ও গুম করে খুন করা হবে।’