সর্বহারা পরিচয়ে হুমকি, তিন সাংবাদিকের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের দুই সাংবাদিককে সর্বহারা পার্টির পরিচয় দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরেক সাংবাদিকের কাছ থেকে মুঠোফোনে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন সাংবাদিক পিরোজপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি করা সাংবাদিকেরা হলেন, সমকালের পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম, যুগান্তরের প্রতিনিধি এস এম পারভেজ ও দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার সম্পাদক জহিরুল হক।
ফসিউল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রোববার দুপুরে মেজর (অব) জিয়াউদ্দিন নাম বলে নিজেকে সর্বহারা পার্টির প্রধান হিসেবে পরিচয় দিয়ে মুঠোফোনে তাঁকে বলেন, তাঁর দলের অনেক সদস্য কারাগারে আছে। তাঁদের কারাগার থেকে মুক্ত করতে ৪০ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে ২৮ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। তাই বাকি টাকা সংগ্রহের জন্য চাঁদা প্রয়োজন। এ জন্য দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দেওয়া না হলে সাংবাদিকদের পরিবারের যে কোনো এক সদস্যদের একটি হাত কেটে নেওয়া হবে বলে হুমকি দেন। তিনি বিষয়টি পিরোজপুর পুলিশ সুপারকে জানিয়েছেন। এ ছাড়া যুগান্তরের প্রতিনিধি এস এম পারভেজ ও দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার সম্পাদক জহিরুল হককে সর্বহারা পার্টির পরিচয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ উজ্জামান থানায় সাধারণ ডায়েরির (জিডি) বিষয়টি নিশ্চিত করেন।