সর্বহারা পার্টির নামে টাকা চেয়ে হুমকি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উত্তম কুমার বড়ৈকে সর্বহারা পার্টির নামে ১০ লাখ টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ওই ইউপি চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ইউপি চেয়ারম্যান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বুধবার বেলা তিনটা ৫১ মিনিটে তার মুঠোফোনে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির নেতা দাবি করে ১০ লাখ টাকা দিতে বলেন। চেয়ারম্যানকে বলা হয়, তাঁদের দলের অনেক নেতা-কর্মী বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁদের কারামুক্ত করতে ৪০ লাখ টাকা প্রয়োজন। এর মধ্যে ৩০ লাখ টাকা তাঁরা সংগ্রহ করেছেন। বাকি ১০ লাখ টাকা তাঁকে (চেয়ারম্যান) দিতে হবে।
ইউপি চেয়ারম্যান গতকাল বিকেলে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া বিষয়টি লিখিত আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।