সর্ষের মধ্যেই ভূত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরের সব ময়লা-আবর্জনা ব্রহ্মপুত্র নদে ফেলছে খোদ পৌর কর্তৃপক্ষ। এতে নদের পানি একদিকে যেমন দূষিত হচ্ছে, আরেক দিকে আবর্জনার দুর্গন্ধে টিকতে পারছে না নদপারের মানুষ। এভাবে নদের পরিবেশ ভারসাম্য নষ্ট করে তিন বছর ধরে পৌর কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা ফেলে চলেছে।

সরেজমিনে গত সোমবার দেখা যায়, শহরের ফৌজদারি মোড়ে পরিত্যক্ত একটি সেতু রয়েছে। সারা শহরের ময়লা-আবর্জনা ট্রাক বা ভ্যান গাড়িতে করে এনে ওই পরিত্যক্ত সেতুর ওপর থেকে ব্রহ্মপুত্র নদে ফেলছে পৌর কর্তৃপক্ষ। শুকনো মৌসুম হওয়ায় নদের পানি অনেকটাই কম। ময়লা-আবর্জনা ভাসছে নদের পানিতে। শহর রক্ষা বাঁধের ওপর দাঁড়ালেই ওই ময়লা-আবর্জনার দুর্গন্ধ এসে নাকে ঝাপটা মারে।

পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, জামালপুর পৌর শহরের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। বর্ষায় বেশ পানি থাকলেও শুকনো মৌসুমে মরা গাঙে পরিণত হয় এটি। নদের কাছাকাছি পৌর শহরে প্রায় দুই লাখ মানুষের বাস। নদের দক্ষিণ তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছে শহর রক্ষা বাঁধ। ব্রহ্মপুত্র সেতু থেকে শহরের পাথালিয়া পর্যন্ত বাঁধের দক্ষিণ পাশ দিয়ে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত শহর রক্ষা বাঁধ। এই বাঁধ এখন শহরবাসীর একমাত্র বিনোদনকেন্দ্র। কিন্তু নদের ময়লা-আবর্জনার দুর্গন্ধে এখানে দাঁড়ানো দায়। এ ছাড়া দেওয়ানপাড়া, ফৌজদারি ও নাউভাঙাচরের মানুষ নদের পানি দিয়ে গৃহস্থালির প্রয়োজন মেটাত। গোসলও করত। ময়লা-আবর্জনার কারণে এখন সব বন্ধ।

ফৌজদারি এলাকার এক দোকানি কালু শেখ বলেন, ‘কি কমু বাপু। মানুষের ঘুম ভাঙার আগেই পৌরসভার ময়লার ট্রাক এখানে আসতে শুরু করে। দোকান খুলার সময় সকালবেলায় পচা ময়লার দুর্গন্ধ দিয়ে দিন শুরু হয়। এরপর একে একে সেতুর ওপর ট্রাক উঠতে থাকে। তারপর ট্রাক থেকে নদে ফেলা হয় ময়লা-আবর্জনার স্তূপ। সারা দিন ওই ময়লা-আবর্জনার গন্ধ বাতাসে ভাসতে থাকে। দীর্ঘদিন ধরে এভাবে ময়লা-আবর্জনা ফেলায় নদের পানি কালো হয়ে গেছে। দুর্গন্ধে নদের কাছে যাওয়া যায় না।’

জামালপুরের পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সদস্য সাজ্জাদ আনসারি বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ের সামনেই এই ঘটনা ঘটছে। দূষণের কারণে নদটি হারিয়ে যেতে বসেছে। কিন্তু কেউ দেখার নেই। তবে বিষয়টি নিয়ে মাঝেমধ্যে প্রশাসনের লোকজনের সঙ্গে কথাবার্তা হয়। কিন্তু অদৃশ্য কারণে নদে আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না।

জামালপুরের পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, তিন বছর ধরে পৌর কর্তৃপক্ষ ট্রাক ও ভ্যান গাড়িভর্তি ময়লা-আবর্জনা এনে সবার সামনেই নদে ফেলছে। পরিবেশ রক্ষার দায়িত্ব পৌর কর্তৃপক্ষেরও। দায়িত্ব পালনের পরিবর্তে তারাই নদটিকে হুমকির মুখে ফেলছে।

জামালপুর পৌরসভা সূত্র জানায়, ময়লা-আবর্জনা ফেলার জন্য পৌর শহরে ১১০টি আস্তাকুঁড় (ডাস্টবিন) রয়েছে। তবে ওই সব আস্তাকুঁড়ের বেশির ভাগই ভেঙে গেছে। এ অবস্থায় প্রতিদিনই ব্রহ্মপুত্র নদে আবর্জনা ফেলা হচ্ছে।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, গণসচেতনতার অভাবে এ সমস্যা হচ্ছে। সেতুর ওপর থেকে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছিল। তারপরও যদি ময়লা-আবর্জনা ফেলা হয়ে থাকে, তাহলে সেতুটিতে ওঠার পথ বন্ধ করার ব্যবস্থা করা হবে। তবে ফৌজদারি এলাকার সাধারণ মানুষও ব্রহ্মপুত্র নদে বর্জ্য ফেলছে। নদকে দূষণের কবল থেকে বাঁচাতে পৌরসভার পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, নদে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতুটির সামনের অংশ বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া নদের পাথালিয়া থেকে ফৌজদারি পর্যন্ত কেউ যাতে ময়লা-আবর্জনা ফেলতে না পারে, তার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্প করে নদটি পরিষ্কার করা হবে।