সলঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা এলাকা থেকে বিলকিস খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচড়া গ্রাম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত বিলকিস হরিণচড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় পুস্তিগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক জানান, সোমবার রাতে ঘরের মধ্যে বিলকিসের ঝুলন্ত লাশ দেখে তার স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বাবা দুলাল হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, বিলকিস অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। লাশ উদ্ধার করে আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুলাল হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।