সলঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সলঙ্গা থানার হোড়গাঁতী কলেজপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম কমেলা খাতুন (২৫)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের মজনু শেখের স্ত্রী এবং একই ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের আজমত আলীর মেয়ে।
এ ঘটনায় আজমত আলী বাদী হয়ে মজনুসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, প্রায় সাত বছর আগে মজনুর সঙ্গে কমেলার বিয়ে হয়। বিয়ের পর থেকে মজনু মাদক ও জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েন। এসব কারণে মজনুকে ছেড়ে কমেলা বাবার বাড়িতে বসবাস করতেন। সেই সঙ্গে একটি কারখানায় চাকরিও শুরু করেন। স্ত্রীকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন মজনু। মঙ্গলবার রাত ১০টায় দায়িত্ব পালন শেষে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন কমেলা। পথে হোড়গাঁতী কলেজপাড়া এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা মজনু তাঁর ওপর অতর্কিত হামলা চালান। কমেলাকে তিনি উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পথচারীরা গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।