সস্তায় ডলার কিনতে এসে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় প্রতারকচক্রের ফাঁদে পড়ছেন অনেকে। ডলার কেনার পর পুলিশ সেজে চক্রটি ক্রেতাদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছে।
এ পর্যন্ত এ বিষয়ে দুটি মামলা হয়েছে। ডলার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ১৬ নভেম্বর দেবীডুবা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুরুজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী ও এলাকার পাঁচ-ছয়জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুখুরি, চণ্ডিপুর, লীলার হাট, বাগেরহাট, গুঞ্জরগড়, ডি-হাট, বালিয়া, লষ্করা, মিলনপুর ও গড়েয়া এলাকায় এ ঘটনা ঘটছে। এ ছাড়া দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ি, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঝাঁড়বাড়ি, দেবীডুবা, কালীগঞ্জ, বাহাদুরবাজার ও চেংটি হাজরাডাঙ্গা এবং নীলফামারীর ডোমারসহ বিভিন্ন এলাকায় ডলার প্রতারক চক্র গড়ে উঠেছে।
গত ৮ মে চাঁদপুরের সুচীপাড়া গ্রামের নিতাই চন্দ্র দাস ডলার কিনতে আসেন। তিনি বলেন, ‘প্রতারক দলের লোকজনের পুলিশের পোশাক, হাতকড়া ও পিস্তল দেখে বোঝার উপায় নেই যে তারা আসল পুলিশ নয়। পুলিশের ভয়েই আমরা ৬০ হাজার টাকার মায়া ছেড়ে পালিয়ে এসেছি। পরে জানতে পেরেছি, তারা আসলে পুলিশ নয়।’
দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ চক্রের সদস্যরা। তারা সস্তায় ডলার কেনার লোভ দেখিয়ে লোকজনকে এ অঞ্চলে নিয়ে আসে। প্রতারণার শিকার তিন-চারজন বলেন, তাঁরা ৫০ টাকাতেও এক ডলার কিনেছেন। প্রথমে নমুনা হিসেবে দু-একটি ডলার দিয়ে প্রতারকেরা ডলার কেনার আগ্রহ বাড়িয়ে তোলে। পরে বেশিসংখ্যক ডলার কিনতে এলে পুলিশের পোশাকে টাকাপয়সা ও মূল্যবান জিনিস রেখে মারধর করে তাড়িয়ে দেয়।
ঠাকুরগাঁও আদালত এলাকায় প্রতারণার শিকার মফিজুল হক জানান, তিনি ঢাকার মোহাম্মদপুরের এক রিকশাচালকের কাছ থেকে কম দামে ডলার কেনার কথা জানতে পারেন। পরে চার লাখ টাকা ও দুই বন্ধুকে নিয়ে ঠাকুরগাঁও আসেন। রিকশাচালকের দেওয়া ঠিকানায় পৌঁছাতেই এক ব্যক্তি মফিজুলের হাতে ডলারভর্তি ব্যাগ তুলে দেয়। এরপর দু-তিনজন পুলিশ এসে তাঁদের হাতে হাতকড়া পরিয়ে মারধর করে। সঙ্গে থাকা সব টাকাপয়সা ও মুঠোফোন কেড়ে নেয়।
জামালপুরের মেলান্দহ উপজেলার চালকান্দি গ্রামের মো. কালাম মিয়া তাঁর আত্মীয়দের সঙ্গে নিয়ে গত ১১ নভেম্বর ডলার কিনতে ঠাকুরগাঁওয়ের গড়েয়া গোপালপুর এলাকায় যান। প্রতারক চক্র তাঁদের সঙ্গে থাকা ৪ লাখ ৭০ হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেয়। কালাম ১১ জনকে আসামি করে ঠাকুরগাঁও থানায় মামলা করলেও টাকা ফেরত পাননি।
একইভাবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের নুরুল ইসলাম ও বগুড়ার সারিয়াকান্দির আবদুল আলিম ডলার কিনতে এসে প্রতারণার শিকার হয়েছেন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, এ অঞ্চলে ডলার প্রতারণার কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা শোনা যায়। তবে অনেক ঘটনার অভিযোগ পুলিশের কাছে সঠিক সময়ে আসে না। প্রতারকদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অভিযান চলছে।