ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের বিরুদ্ধে পিএইচডি ডিগ্রি জালিয়াতির অভিযোগ ওঠার পরও বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীনতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের একাংশ।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রেস কর্নারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, শাহিনুর রহমান জালিয়াতির মাধ্যমে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপরও প্রশাসন ও কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্ত কমিটি করেনি এবং এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেনি।
এ বিষয়ে প্রশাসনের উদাসীনতা রয়েছে। এ ব্যাপারে সত্বর তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি পিএইচডি ডিগ্রি জালিয়াতির অভিযোগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যকে বরখাস্ত করা হয়। একই অভিযোগ ওঠার পরও শাহিনুর রহমান একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় ক্ষমতার দাপট দেখিয়ে বহাল তবিয়তে আছেন ও উপাচার্য হওয়ার পাঁয়তারা করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে আসীন হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করেন শিক্ষকেরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক মহাসচিব অধ্যাপক রাশিদ আসকারী, শাপলা ফোরামের একাংশের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিন, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেনসহ বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের এ অংশের নেতারা।
শাহিনুর রহমান তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘একটি কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অপচেষ্টা চালাচ্ছে।’