সহকর্মীকে খুন করে অস্ত্র নিয়ে পালাল আনসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল শুক্রবার গুলিতে আনসারের নায়েক আমির হোসেন (৫৫) নিহত হয়েছেন। খুনের ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলাম রাইফেল ও গুলি নিয়ে পালিয়ে যান।
উপজেলার কবাখালী ইউনিয়নের আলীনগর এলাকার চৌধুরী টিলায় ৩৪ নম্বর অঙ্গীভূত আনসার পোস্টে এ ঘটনা ঘটে। আনসার সূত্রের ভাষ্যমতে, রফিকুলের গুলিতে আমির হোসেনের মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটায় দায়িত্ব পালন শেষে ঘুমাতে যান আনসার সদস্য মো. রফিকুল ইসলাম (৩৫)। এ সময় অন্য আনসার সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টনের কাজ চলছিল। সহকর্মীদের কথাবার্তায় রফিকুলের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে সহকর্মীদের গালাগাল শুরু করেন। আনসার সদস্য হাশেম গালাগাল করতে নিষেধ করলে রফিকুল তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। এ সময় রফিকুলকে শান্ত করার চেষ্টা করেন ক্যাম্পের দায়িত্বে থাকা নায়েক আমির হোসেন। এরই একপর্যায়ে আমিরকে গুলি করেন রফিকুল। এতে আমির ঘটনাস্থলেই মারা যান। পরে রফিকুল দুটি ফাঁকা গুলি ছুড়ে একটি থ্রি নট থ্রি রাইফেল ও ৮০টি গুলি নিয়ে জঙ্গলে পালিয়ে যান। কয়েকজন আনসার সদস্য বলেন, রফিকুল প্রায় সময় হঠাৎ উত্তেজিত হয়ে যেতেন।
এ বিষয়ে জেলা আনসার ও ভিডিপির উপপরিচালক আবদুল মজিদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, অস্ত্র ও গুলিসহ পালিয়ে যাওয়া আনসার সদস্য রফিকুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।