সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্ডারগার্টেনের এক শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল ভিডিও ধারণ ও তাঁর সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জের কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান, দেড় মাস আগে অভিযুক্ত শিক্ষক তাঁর সহকর্মীকে নিয়ে কিন্ডারগার্টেনের বিভিন্ন সরঞ্জাম কিনতে ঢাকায় যান। কেনাকাটা শেষে শিক্ষক তাঁকে নিয়ে এক বন্ধুর বাড়ি যান। পরে তাঁর বন্ধু বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যান। এ সুযোগে ওই শিক্ষক তাঁর সহকর্মীকে ধর্ষণের চেষ্টা করেন এবং মুঠোফোনে অশ্লীল ভিডিও ধারণ করেন। এ ঘটনা প্রকাশ পেলে ক্ষতি হবে বলে হুমকিও দেন তিনি। এ ঘটনার পর ওই শিক্ষিকা কিন্ডারগার্টেন থেকে চাকরি ছেড়ে দেন। এদিকে কয়েক দিন ধরে অভিযুক্ত শিক্ষক তাঁর সাবেক সহকর্মীর কাছে কুপ্রস্তাব দিচ্ছিলেন। রাজি না হলে ভিডিও ইন্টারনেট ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। গত শনিবার বিকেলে শিক্ষিকা এসব ঘটনা তাঁর পরিবারকে জানান। পরিবারের লোকজন এলাকাবাসীর সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে কলিঙ্গা এলাকা থেকে ওই শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করেন।