সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার
নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে আরিফুল ইসলাম (২২) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার আরিফুলকে গ্রেপ্তার করে শাহজাহানপুর থানার পুলিশ। ধর্ষণের শিকার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা প্রথম আলোকে বলেন, দুজনই পুলিশের কনস্টেবল। অভিযোগ করার পর শনিবার রাতেই পুলিশের অভিযুক্ত সদস্য আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একসময় সম্পর্ক ছিল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুন মাসে মেয়েটিকে ধর্ষণ করেন আরিফুল। কিন্তু এরপর আরিফুল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এ ঘটনায় শনিবার শাহজাহানপুর থানায় আরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন ঘটনার শিকার নারী। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় ১০ মাস আগে আরিফুলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ২ জুন মালিবাগের একটি আবাসিক হোটেলে মেয়েটিকে নিয়ে যান আরিফুল। বিয়ের প্রলোভন দেখিয়ে আরিফুল মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন।