সহকর্মীকে পেটানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের দীপশিখা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সহকর্মী ভবানন্দ পালকে পেটানোর মামলায় গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সহকারী শিক্ষক ভবানন্দ পাল ও ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবানন্দকে ওই বিদ্যালয়ের চলতি বছরের ক্লাস রুটিন তৈরির দায়িত্ব দেন প্রধান শিক্ষক অহিদুল। ভবানন্দ পাল গত সোমবার ক্লাস রুটিন তৈরি করেন। রুটিনে অহিদুলকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইংরেজির ক্লাস দেন তিনি। এ নিয়ে অহিদুলের সঙ্গে ভবানন্দের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ভবানন্দ পালকে মারধর করতে শুরু করেন অহিদুল। পরে তিনি সহকারী শিক্ষক ও কর্মচারীদের ভবানন্দকে পেটানোর নির্দেশ দেন। নির্দেশ পেয়ে তাঁরাও প্রধান শিক্ষকের সঙ্গে ভবানন্দকে পেটাতে থাকেন। চিৎকার শুনে পথচারীরা ভাবানন্দকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ভবানন্দ এখন সেখানেই চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে ভবানন্দ পালের স্ত্রী গীতা সরকার বাদী হয়ে প্রধান শিক্ষক অহিদুল, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আবদুল বাতেন, অফিস সহকারী মখলেসুর রহমান ও অফিস সহযোগী দুলাল হোসেনকে আসামি করে রুহিয়া থানায় একটি মামলা করেন। পরে বিকেলে উপপরিদর্শক (এসআই) তসির উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ অহিদুলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে গীতা সরকার বলেন, তাঁর স্বামীকে পেটানোর ঘটনায় মামলা না করতে বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়েছিল। পরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পরামর্শ করে মামলা করার সিদ্ধান্ত নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।