সহকর্মীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন প্রধান শিক্ষক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গতকাল বুধবার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে সহকারী শিক্ষককে বিদ্যালয়ের কক্ষে আটকে রাখেন প্রধান শিক্ষক। কিন্তু ঘটনাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ওই প্রধান শিক্ষক এবং আরও এক ব্যক্তিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ।
তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।
ওই প্রধান শিক্ষক গতকাল রাতে থানায় প্রথম আলোকে বলেন, ‘গতকাল সকালে চারজন ছাত্রী ও ছাত্রীর অভিভাবক আমার বাড়িতে আসেন। ছাত্রীরা আমাকে বলে, ওই সহকারী শিক্ষক বিভিন্ন সময় তাদের যৌন হয়রানি করেন। এরপর বিদ্যালয়ে গিয়ে ওই চার ছাত্রীর অভিভাবকসহ গ্রামবাসী ওই সহকারী শিক্ষককে একটি কক্ষে আটকে রাখেন। আমি বিষয়টি ইউএনওকে জানাই। এরপর ইউএনও থানার উপপরিদর্শক (এসআই) নাজির হোসেনকে বিদ্যালয়ে পাঠান। নাজির হোসেন ওই চার ছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে ঘটনা শোনেন। ঘটনাটি তিনি কাগজে লিখে ওই চার ছাত্রী ও তাদের অভিভাবকদের কাছ থেকে স্বাক্ষর নেন। এরপর তিনি থানার গাড়িতে করে সহকারী শিক্ষককে তুলে নিয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ আমাকে ইউএনওর কাছে আসতে বলে। পরে ইউএনও সহকারী শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগে আমাকে ও আমার অনুগত আরেক ব্যক্তিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।’
এ ব্যাপারে এসআই নাজির হোসেন মুঠোফোনে গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি সবার সঙ্গে কথা বলে জানতে পারেন, প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা হওয়ায় ঠিকমতো বিদ্যালয়ে যান না। ছাত্রীদের উপবৃত্তির টাকাও আত্মসাৎ করেছেন। এসব ঘটনায় ওই সহকারী শিক্ষক প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক পরিকল্পিতভাবে ওই শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেন। ওই চার ছাত্রী তাঁর কাছে ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করেনি।
এ ব্যাপারে ইউএনও বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, সব তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই সহকারী শিক্ষককে ফাঁসানোর সত্যতা পাওয়া গেছে। ওই সহকারী শিক্ষককে মিথ্যা অভিযোগে কক্ষে আটকে রাখা ও সরকারি দায়িত্বে বাধা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রধান শিক্ষক ও তাঁর অনুগত এক ব্যক্তিকে ওই জরিমানা করা হয়।