সহকর্মীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার কড়িদহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র দেবনাথের বিরুদ্ধে গতকাল বুধবার এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। আহত শিক্ষক সেকান্দার আলীকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়। পুরস্কার বিতরণ শেষে দুপুরে বিদ্যালয়টির হলরুমে স্টাফ ও ব্যবস্থাপনা কমিটির সভা শুরু হয়। ওই সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেকান্দার আলী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঐচ্ছিক ছুটি না দেওয়ার অভিযোগ করেন। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র দেবনাথের সঙ্গে ওই শিক্ষকের কথা-কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সেকান্দার আলীকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারেন প্রধান শিক্ষক। এতে সেকান্দার পড়ে যান। পরে প্রধান শিক্ষক স্টাপলার মেশিন দিয়ে সেকান্দারের মাথায় উপর্যুপরি আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে অন্য শিক্ষক ও স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সেকান্দার আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর শ্যালক রেজাউল করিম ফোনটি ধরেন। তিনি বলেন, সন্ধ্যা পর্যন্ত সেকান্দারের জ্ঞান ফেরেনি। তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রায় সময়ই সেকান্দারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন। ছুটি চাইতে গেলে ছুটি দিতেন না। একটু দেরিতে বিদ্যালয়ে গেলেই অপমান করতেন, শাস্তি দিতেন। এসব বিষয় নিয়ে গতকাল ব্যবস্থাপনা কমিটির সভায় অভিযোগ করতে গেলে প্রধান শিক্ষক তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনা সম্পর্কে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাঞ্চন চন্দ্র বলেন, ‘সভা চলা অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ অনুসারে আমি বিদ্যালয়ের সব স্টাফকে বিদ্যালয়ের সময়সূচি মেনে চলতে বলি। এতে সেকান্দার আলী এই নির্দেশ মানবেন না বলে জানান। বিষয়টি কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি উদ্ধত হয়ে আমাকে মারতে আসেন। একপর্যায়ে উপায়ান্তর না পেয়ে আমি স্টাপলার মেশিন দিয়ে তাঁর মাথায় আঘাত করি। এতে তাঁর কপালের অল্প একটু অংশ কেটে গিয়ে রক্তপাত হয়েছে মাত্র।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী বলেন, ‘বিষয়টি জেনেছি। এ ব্যাপারে বিভাগীয় তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক বলেন, ‘বিষয়টি নিয়ে মৌখিকভাবে একটা অভিযোগ পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’