সহকর্মীদের পিটুনিতে এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সহকর্মীদের পিটুনিতে জুম্মন আলী (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জুম্মন আলী ফতুল্লার পাগলার নন্দলালপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার প্রাইম টেক্সটাইল কারখানার শ্রমিক ছিলেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী জিন্নাহ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার নন্দলালপুর এলাকার প্রাইম টেক্সটাইল মিলে মেশিনের ময়লা পরিষ্কার করা নিয়ে জুম্মন আলীর সঙ্গে সহকর্মী রাশেদুল ইসলাম ও ফারুকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদুল ও ফারুকসহ চার-পাঁচজন মিলে জুম্মন আলীকে পিটুনি দেন। পরে অন্য শ্রমিকেরা গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে জুম্মনের মৃত্যু হয়।
এসআই জিন্নাহ আরও জানান, এ ঘটনায় কারখানার শ্রমিক রাশেদুল ও ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন অন্য শ্রমিকেরা। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।