সহকর্মীদের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত?
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ড. রওশন আলম কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুল হককে তাঁর তিন সহকর্মী শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার কলেজে পরিচালনা পর্ষদের সভায় এ ঘটনা ঘটে। সৈয়দ নুরুল হক এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।
সৈয়দ নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘কলেজের এক শিক্ষকের প্রশিক্ষণ সনদ নিয়ে নিরীক্ষণ বিভাগ (অডিট) আপত্তি জানিয়েছে। ওই আপত্তির বিষয়ে লিখিত জবাব দেওয়া হয়েছে। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রওশন আলমকে বিষয়টি জানিয়েছি। তবে তিনি বিধি-বহির্ভূতভাবে ওই শিক্ষকের বেতন-ভাতার নথিতে স্বাক্ষর করা থেকে বিরত রয়েছেন। এ জন্য তাঁর বেতন আটকে আছে। শনিবার বিকেলে সভায় সভাপতিকে বিষয়টি জানানো হয়। তবে তিনি নানা অনিয়মের অভিযোগ এনে আমাকে পদত্যাগ করতে বলেন। তাঁর কথায় রাজি না হওয়ায় সভাপতির অনুসারী তিন শিক্ষক কামাল হোসেন, কায়সার হোসেন ও ফেরদৌস আহমেদ আমাকে মারধর করেন। রাত আটটার দিকে তিন শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত দিয়েছি।’
সভায় উপস্থিত পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম সিকদার বলেন, ‘অধ্যক্ষ সৈয়দ নুরুল হককে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলেন রওশন আলম। রাজি না হওয়ায় একপর্যায়ে ওই তিন শিক্ষক অধ্যক্ষকে কিল ঘুষি মেরে ও ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে আমিসহ কয়েকজন তাঁকে উদ্ধার করি। বিষয়টা খুবই দুঃখজনক।’
মারধরের অভিযোগ অস্বীকার করে কামাল হোসেন ও ফেরদৌস আহমেদ বলেন, ‘শিক্ষকের বেতন আটকে রাখায় সভায় অধ্যক্ষ নুরুল হকের অপসারণ দাবি করেছিলাম। বেশির ভাগ শিক্ষক অপসারণের পক্ষে। পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষকে বরখাস্ত করে আরেক শিক্ষককে দায়িত্ব দেন। সভার কার্যবিবরণীর (রেজল্যুশন) খাতাটি স্যার (অধ্যক্ষ) নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিই। তাঁর কাছ থেকে খাতাটি কেড়ে নিই।’
এ বিষয়ে জানতে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রওশন আলমের মুঠোফোনে গতকাল রোববার বিকেলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।