সহকর্মীর গুলিতে কনস্টেবল নিহত
রাঙামাটিতে সহকর্মীর রাইফেল থেকে ‘অসাবধানতাবশত’ বের হওয়া গুলিতে গতকাল শনিবার পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শহরতলির সুখী নীলগঞ্জে নতুন পুলিশ লাইনে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল পূর্ণ বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গোজারার হোয়ারাপাড়ায়।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, কনস্টেবল সৌরভ বড়ুয়ার রাইফেল থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে পূর্ণ বড়ুয়ার কোমরের নিচে বিদ্ধ হয়।
পুলিশের কয়েকজন সদস্য জানান, পূর্ণ বড়ুয়া ও সৌরভ বড়ুয়া বন্ধু। তাঁরা একই কক্ষে থাকতেন। বেলা সাড়ে ১১টার দিকে সৌরভ বড়ুয়া দায়িত্ব পালন শেষে কক্ষে ফেরেন। এরপর একই দায়িত্বে যাওয়ার কথা ছিল পূর্ণ বড়ুয়ার। তাঁরা বলেন, দুপুর পৌনে ১২টার দিকে গুলির আওয়াজ শুনে তাঁরা পূর্ণ বড়ুয়া ও সৌরভ বড়ুয়ার কক্ষে যান। এ সময় পূর্ণ বড়ুয়াকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। প্রথমে তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রামে নেওয়ার পথে পূর্ণ বড়ুয়া মারা যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, গুলিবিদ্ধ ওই পুলিশ সদস্য অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।