সহকর্মীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানায় গতকাল মঙ্গলবার সহকর্মীর ছুরিকাঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে পুলিশের কনস্টেবল মংজয় চাক (৪০) থানার সামনে বসে ছিলেন। হঠাৎ কনস্টেবল ফারুক হোসেন (৩২) সেখানে গিয়ে তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় পুলিশের অন্য সদস্যরা এগিয়ে এসে মংজয় চাককে উদ্ধার ও ফারুককে আটক করেন। মংজয় চাককে প্রথমে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীছড়ি থানার পরিদর্শক ইসরাফিল মজুমদার বলেন, মংজয় চাকের সঙ্গে ফারুক হোসেনের কথা-কাটাকাটি হয়নি। তাঁদের মধ্যে মনোমালিন্যও ছিল না। তিনি বলেন, ‘মংজয় চাকের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা ফারুককে আটক করেছি। চাপাতিটিও উদ্ধার করা হয়েছে।’
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন, ‘ফারুক হোসেন মানসিকভাবে অসুস্থ বলে আমরা তাঁর পরিবারের কাছ থেকে জেনেছি।’ তিনি বলেন, ফারুক হোসেন পুলিশ হেফাজতে আছেন।