সহকর্মীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন
টঙ্গীর এরশাদনগরে একটি পোশাক কারখানার ভেতরে ছুরিকাঘাত করে এক শ্রমিককে তাঁরই সহকর্মী খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এরশাদনগরের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান ওরফে হান্নান (২৫)। তিনি এরশাদনগরের হোসেন মার্কেট এলাকার প্যাসিফিক ‘এ-ওয়ান’ ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার সুইং অপারেটর ছিলেন। এরশাদনগরের ৩ নম্বর ব্লকের মোতাহার হোসেনের ছেলে হাবিব।
এ ঘটনায় হাবিবের সহকর্মী ও একই কারখানার শ্রমিক নাসির হোসেন ওরফে শাহাদাতকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এরশাদনগরের আবদুল সালামের ছেলে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার কারখানার ভেতরে হাবিব ও নাসিরের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল সকালে গোপনে কোমরে ছুরি নিয়ে কারখানায় কাজে যোগ দেন নাসির। সকাল আটটার দিকে তিনি কর্মরত অবস্থায় হাবিবের পেটে ছুরিকাঘাত করেন। এরপর নাসির চারতলা থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য শ্রমিকেরা দৌড়ে তাঁকে কারখানার ফটকে ধরে ফেলেন এবং কারখানার চিকিৎসাকেন্দ্রে নিয়ে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। হাবিবকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।