সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের মামলা আনসার সদস্যের
দিনাজপুরে দুর্গাপূজা মণ্ডপে দায়িত্ব পালনের সময় সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন আনসার ভিডিপির এক নারী সদস্য। গতকাল বুধবার রাতে বীরগঞ্জ থানায় তিনি ওই মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, বীরগঞ্জ উপজেলার একটি দুর্গাপূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন আনসার ভিডিপির ছয় সদস্য। এঁদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। গত সোমবার রাতে পূজামণ্ডপে গভীর রাত পর্যন্ত আরতি চলে ও প্রসাদ বিতরণ করা হয়। আনসার সদস্যদের বাড়ি পূজামণ্ডপের কাছাকাছি। পুরুষ সদস্যরা রাত তিনটার দিকে নিজ নিজ বাড়ি চলে যাওয়ার কথা বলে মণ্ডপ এলাকা ছাড়েন। আর দুই নারী সদস্য মণ্ডপের পাশে একটি কক্ষে ঘুমাতে যান। কিন্তু ছয় সদস্যের দলনেতা বাড়ি না গিয়ে ভোর চারটার দিকে দুই নারীর কক্ষে প্রবেশ করে ধর্ষণ করে পালিয়ে যান।
বীরগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কার্যালয়ের প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা করিমন নেছা আজ বিকেলে সাংবাদিকদের বলেন, ‘দুই নারী সদস্যের সঙ্গে কথা বলেছি। আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি।’
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মেদ প্রথম আলোকে জানান, ঘটনার শিকার এক নারী সদস্য বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা করেছেন। আজ দুই নারী সদস্যকেই ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।