সহকর্মীর বিরুদ্ধে নারী আনসার সদস্যদের ধর্ষণের অভিযোগ
দুর্গাপূজার মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকারী আনসার ভিডিপির দুই নারী সদস্য তাঁদেরই এক সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। এ ঘটনায় এক নারী সদস্য ওই পুরুষ সদস্যকে আসামি করে গত বুধবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানায় মামলা করেছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ওই দুই নারীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাদত হোসেন মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, উপজেলার সাতোর ইউনিয়নের এক মণ্ডবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন চারজন পুরুষ ও দুজন নারী আনসার ভিডিপি সদস্য। দুর্গাপূজার মহানবমীতে গত সোমবার রাতে পূজামণ্ডপে গভীর রাত পর্যন্ত আরতি অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ হয়। রাত তিনটার দিকে পুরুষ আনসার সদস্যরা নিজ নিজ বাড়িতে চলে যান ও দুই নারী আনসার ভিডিপি সদস্য মণ্ডপের পাশে একটি কক্ষে ঘুমাতে যান। ভোর চারটার দিকে ওই আনসার সদস্য তাঁদের ঘরে প্রবেশ করেন। কৌশলে দুই নারী সদস্যকে ধর্ষণ করে তিনি পালিয়ে যান। ধর্ষণের শিকার দুই নারী সদস্য পরদিন সকালে বিষয়টি প্রথমে তাঁদের পরিবারের সদস্যদের জানান। এরপর পরিবারের সদস্যরা তাঁদের ইউনিয়ন আনসার দলনেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের জানান। তাঁদের পরামর্শক্রমে ধর্ষণের শিকার এক নারী সদস্য গত বুধবার রাতে থানায় ওই মামলা করেন।
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কার্যালয়ের প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাম্মৎ করিমন নেছা গতকাল বিকেলে বলেন, ‘ওই দুই নারীর পরিবারের সদস্যরা বিষয়টি আমাকে জানান। আমি তাৎক্ষণিকভাবে ওই দুই নারীর সঙ্গে যোগাযোগ করি। এরপর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। একইসঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলম হোসেন ও থানার ওসি আবু আককাছ আহম্মেদকে জানানো হয়।’