সহকর্মীর হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী প্রধান শিক্ষক সহকর্মীর হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক স্কুলে আসেননি। হাজিরা খাতা পরীক্ষা করে দেখা যায়, ৫ জানুয়ারি ওই শিক্ষক স্বাক্ষর করেননি। বিষয়টি তিনি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান। অনুপস্থিতির বিষয়টি হাজিরা খাতায় নোট করে রাখতে তাঁকে পরামর্শ দেন সহকারী শিক্ষা কর্মকর্তা। পরামর্শ অনুযায়ী তিনি নোট রাখেন।
প্রধান শিক্ষক বলেন, এর কিছুক্ষণ পর ওই শিক্ষক বিদ্যালয়ে আসেন। এসেই তিনি হাজিরা খাতা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ওই শিক্ষক তাঁকে কিল-ঘুষি মারেন ও গলা টিপে ধরার চেষ্টা করেন।
প্রধান শিক্ষকের অভিযোগ, ওই শিক্ষক তাঁর ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।
প্রধান শিক্ষক বলেন, গত ৮ সেপ্টেম্বরও একই শিক্ষক তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তিনি তিন মাসের বেশি সময় চিকিৎসাজনিত ছুটিতে ছিলেন। গতকালই তিনি ছুটি শেষে কাজে যোগ দেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল বিকেলে ওই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা বলে তিনি পাঁচ মিনিট পরে ফোন করবেন বলে জানান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি ফোন করেননি। তাঁকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন শেখ বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লেখা প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগটি তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছিদ্দিকী বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।