সিরাজগঞ্জের উল্লাপাড়ার সহকারী কমিশনারের (ভূমি) পরিচয় দিয়ে এক ব্যক্তি গত মঙ্গলবার মুঠোফোনে ১৪টি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা চান। তিনি ছোট ভাইয়ের গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে চিকিৎসার জন্য একটি বিদেশি নম্বর থেকে পর্যায়ক্রমে সবাইকে ফোন করে ওই টাকা চান।
ফোন নম্বরটি হলো +৯৭১০৮০১৭৩৩৩৩৫০৩৭। ফোনদাতা ০১৭৮১০৩৮৪৫১ বিকাশ নম্বর দিয়ে কারও কাছে ১ লাখ, কারও কাছে ৫০ হাজার, আবার কারও কাছে ৩০ হাজার টাকা চেয়ে দ্রুত এই নম্বরে পাঠানোর জন্য অনুরোধ করেন।
তবে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক সুফিয়ান স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার রাত আটটার দিকে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা তাঁকে ফোন করে টাকাগুলো বিকাশে না পাঠিয়ে তাঁর (সহকারী কমিশনার) বাসায় পৌঁছে দেওয়া হবে কি না, জানতে চান। এ সময় তিনি (ফারুক সুফিয়ান) টাকা চাওয়ার বিষয় শুনে বিস্মিত হন। পরে ঘটনাটি কোনো প্রতারক চক্রের কাজ বলে বুঝতে পারেন। তিনি দ্রুত সব ভূমি সহকারী কর্মকর্তাকে ফোন দিয়ে টাকা পাঠাতে নিষেধ করেন।
ফারুক সুফিয়ান আরও বলেন, ফোন পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তারা ফোন ব্যাক করলে প্রতারক চক্রের করা নম্বরটি তখন বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ ব্যাপারে গতকাল বুধবার উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চৈত্রহাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ওই ফোন নম্বর থেকে সহকারী কমিশনার ফারুক সুফিয়ান বলছি বলে তাঁর কাছে একটি ফোন আসে। ওই ফোনে কমিশনারের ছোট ভাইয়ের চিকিৎসার জন্য দ্রুত এক লাখ টাকা পাঠানোর অনুরোধ জানানো হয়।
পৌর ভূমি কার্যালয়ের কর্মকর্তা শফিকুজ্জামান বলেন, একই পরিচয়ে ও একই কথা বলে ফোনদাতা তাঁকে ৫০ হাজার টাকা পাঠাতে বলেন।
এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।