সহকারী কমিশনারের কাছে চাঁদা চেয়ে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের সহকারী কমিশনারকে (ভূমি) মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। টাকা না দিলে তাঁর সন্তানদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবির হোসেনকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ০১৯৬৮৬৩৭১০৬ নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি বলেন, তিনি একটি চরমপন্থী দলের সদস্য। তিনি অনেক দিন কারাগারে ছিলেন। তাঁদের এক নেতা অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য টাকা লাগবে, তাই টাকা দিতে হবে। মুঠোফোনে ওই সহকারী কমিশনারকে আরও বলা হয়, ‘এসি ল্যান্ডগিরি করছিস, বুক ফুলিয়ে কর। কিন্তু আমাদের টাকা দিতে হবে।’
মো. কবির হোসেন বেতনের বাইরে তাঁর কাছে টাকা নেই বললে ফোন করা ব্যক্তি টাকা না দিলে তাঁর দুই সন্তানকে অপহরণ করে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। কবির হোসেন এ সময় কেশবপুর আবু শরাফ সাদেক মিলনায়তনে একটি অনুষ্ঠানে ছিলেন।
কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, সহকারী কমিশনারের (ভূমি) দেওয়া একটি দরখাস্ত সাধারণ ডায়েরি করা হয়েছে। যে ফোন থেকে কথা বলা হয়েছিল, সেই ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।